Friday, 5 February 2016

Book Review 1 - বই সমালোচনা

"There's a thin man inside every fat man." - George Orwell.
'নন্না মুন্না রাহী হ্যায়, দেশ কা সিপাহী হ্যায় - বোলো মেরে সঙ্গ জয় হিন্দ জয় হিন্দ।'
আমাদের মুন্না দেশের সিপাহী না হোক দেশপ্রেমিক তো বটেই; বেশ ফান্ডাবাজ দেশপ্রেমিক না হলে সকল দেশের সেরা দেশের গল্প এ টু জেড ফাটিয়ে কেউ লিখতে পারে? - টোটাল পূরব সে পশ্চিম!
ব্যাঙ্গালোরের অন্টারপ্রেনিউয়ার মুন্না ওরফে বলরাম হালওয়াই ওরফে সাদা বাঘ - প্রকান্ড ঝাড়লন্ঠনের ঝিকিমিকি আলোর দিকে তাকিয়ে বসে থাকে, খসখসে চামড়ার ঘোলাটে চোখের টিকটিকিদের কথা ভাবতে ভাবতে শিউরে ওঠে আর গল্প বলে চিঠিতে - আত্মজীবনী।
রোগা ভোগা ভীতু মুন্না, রিক্সাওয়ালার ব্যাটা মুন্না,
ইস্কুল ছেড়ে চায়ের দোকানে টেবিলের তলার মাকড়সা মানুষ মুন্না আমাদের এক আজব মেটামরফোসিসের গল্প বলে - মুন্না থেকে হন্ডা সিটির ড্রাইভার বলরাম হয়ে ওঠার গল্প বলে; ইভোলিউশনের ফাইনাল পর্যায়ে ব্যাঙ্গালোরের অন্টারপ্রেনিউয়ার হয়ে ওঠার গল্প শোনাতে থাকে তাকে সুযোগ দেওয়া দেশের কাছে কৃতজ্ঞ মুন্না।
আমাদের ইন্ডিয়া - ক্রিকেট ম্যাচ, শপিং মল, এ.সি., আই.টি., সর্বগুণনিধি নেতার দল, গান্ধীজীর স্ট্যাচু, সবজান্তা জনতা, নাসার তোলা ছবিতে দিওয়ালির আলোয় ঝলমলে আমাদের ম্যাপ। কিন্তু সাদা বাঘ এ আমাদের কোন দেশের গল্প শোনায়! বলে নাকি দুটো ইন্ডিয়া আছে - একটা চকচকে আলো ঠেকরানো ভীট দিয়ে চাঁছা আর একটা পানের পিকে রাঙানো অন্ধকার পেচ্ছাপখানার হলদে অ্যামোনিয়া দেওয়ালের মত! ডাস্টবিনের পাশে নালার ধারে নাভি কাঁপানো একঘেয়ে কাশীর সুরে বলে যেতে থাকে মুন্না - এমন এক দেশের কথা যেখানে নাকি গঙ্গার রঙ কালো, পুঁজ রক্তের কাদায় পা ডুবিয়ে ৩৬,০০০,০০,৪ দেবদেবীর নাম জপতে জপতে বলরামদের নিত্য যাতায়াত সেখানে। জাতীয়তাবাদী নেতা আর উচ্চ বংশ ও শ্রেণির বড়লোক সাহেবরা ডেমোক্রেসির বোঁটা কামড়ে ব্র‍্যান্ডেড জুতোর নীচে সিগারেট টুকরোর মত অরগাজমিক তৃপ্তিতে ডলতে থাকে 'বলরামদের ইন্ডিয়াকে' যতক্ষণ না পেট থেকে নাড়ি ভুঁড়ি পাকিয়ে ছিঁড়ে বেরিয়ে আসে - এসব দু পক্ষেরই অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই কেউ আর গা করে না। কিন্তু বলরাম থামে না - তার ইন্ডিয়া এক মোটা সোটা ব্র‍্যান্ডেড জামা পরা টিবি রোগী যার বুকের ভেতর পচা দগদগে ঘা; যার মুখে সে কন্সট্যান্টলি বিড়ির ধোঁয়া ছাড়তে থাকে। খুঁচিয়ে খুঁচিয়ে কাশাতে থাকে। কাশীর দমকে ছিটকে ছিটকে ওঠে বদ রক্ত - লাল হতে থাকে সাদা ইন্ডিয়া - মেট্রো সিটির মাখন রাস্তায় ঘেয়ো মুরগী চেহারার ক'জন 'দেশবাসীর' মুখোমুখি হাগতে বসে পায়োরিয়া দাঁত কেলিয়ে বিকট হাসতে থাকে আমাদের হোয়াইট টাইগার।
আমার পড়া এখনো পর্যন্ত সেরা আধুনিক ভারতীয় উপন্যাস। ডার্ক হিউমরে ভর করে অসম্ভব সাহস নিয়ে লিখেছেন অরবিন্দ। পড়লেই বুঝতে পারবেন যে মডার্ন ইন্ডিয়ার এত ভালো ছবি আর কেউ এঁকেছেন কি না। বইটি ম্যান বুকার প্রাইজ পাওয়া। ইন্ডিয়ান নভেলের মাস্ট রিড লিস্টে আমি অন্তত বইটাকে টপে রাখব। অবশ্যই পড়ুন।

No comments:

Post a Comment